হারানো ছোট্ট বেলা Hārānō chōṭṭa bēlā
✍️ পার্থিব সিংহ
গত রাত্রে স্বপ্নে এলো
হারানো ছোট্ট বেলা,
আমরা দুজন হাত ধরে
করছি কত খেলা ।
এক সাথে ঘুরছি মোরা
বলছি কথা কত,
ছোট্ট বেলা সত্যি ছিলো
খাঁটি সোনার মতো ৷
স্বপ্নে মোরা হাতটি ধরে
দেখছি ফুলের মেলা,
হারিয়ে গেছে আর পাবোনা
সোনার ছোট্ট বেলা ৷
একই সাথে পড়তে পড়তে
ঝগড়া ঝাঁটি হলে ,
তোর সাথে রাগ করে
বেরিয়ে যেতাম চলে ৷
ছোট্টো বেলায় ফিরে গিয়ে
চল না আবার খেলি,
দিন গুলো সব হারিয়ে গেলো
তুইও কোথায় গেলি ?
ঝগড়া হোলেই বলতিস
আড়ি আড়ি আড়ি,
আমি তোকে রেগে বলতাম
পালা লক্ষ্মী ছাড়ি ৷
লক্ষ্মী ছাড়ির জন্যই আজ
জাগে প্রেমের ভাব,
সত্যি কথা বড় হয়ে
হয়নি কিছু লাভ ৷
মিছি মিছি মনটা কেন
ছোট্ট বেলায় ধায়,
ফিরবে না আর ছোট্টো বেলা
তোকেও পাওয়া দায় ।




No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.